হাইতির হয়ে বিশ্বকাপ খেললেও আর্জেন্টিনার স্বপ্ন দেখেন রামোস

১৭ বছর বয়সী কিকি রামোস জানিয়েছেন, আর্জেন্টিনার হয়ে বিশ্বকাপে খেলার সুযোগ কঠিন মনে হওয়ায় হাইতির হয়ে খেলতে রাজি হন। তবে ভবিষ্যতে আর্জেন্টিনার হয়ে খেলার সুযোগ তাঁর আছে।
আর্জেন্টিনায় বেড়ে ওঠা ১৭ বছর বয়সী কিকি রামোস বিশ্বকাপে খেলেছেন জন্মভূমি হাইতির হয়ে। তবে তাঁর স্বপ্ন ছিল আর্জেন্টিনা জাতীয় দলের প্রতিনিধিত্ব করা। হাইতির হয়ে খেলার সিদ্ধান্ত কেন নিয়েছেন, সৌদি আরবের কাছে ২-১ গোলে হারের পর তা ব্যাখ্যা করেছেন এই উইঙ্গার।
আর্জেন্টিনার সংবাদমাধ্যম বোলাভিপকে রামোস বলেন, ‘আমি মনে করেছিলাম, আর্জেন্টিনার হয়ে বিশ্বকাপে খেলার সুযোগ পাওয়া আমার জন্য খুব কঠিন হবে। এরপর হাইতির হয়ে খেলার সুযোগ আসে। তবে সিদ্ধান্ত নেওয়াও সহজ ছিল না।’
সৌদি আরবের বিপক্ষে হাইতির একমাত্র গোলটি করেন রামোস। এবারের বিশ্বকাপে তিন ম্যাচে তাঁর গোল একটি। ‘ডি’ গ্রুপে কোনো পয়েন্ট না পাওয়া হাইতি শেষ করেছে সবার নিচে। তিন ম্যাচে দলটি গোল করেছে তিনটি, হজম করেছে নয়টি।
হাইতির হয়ে খেলার পরও আর্জেন্টিনার হয়ে খেলার আশা ছাড়েননি রামোস। তাঁর কথায়, ‘আমার স্বপ্ন সব সময়ই ছিল আর্জেন্টিনা জাতীয় দলের হয়ে প্রতিনিধিত্ব করা। কিন্তু বিশ্বকাপে খেলার সুযোগ পেলে, আমার মনে রাজি হয়ে যেতাম।’
শৈশবে হাইতির রাজধানী পোর্ট-অ-প্রিন্স থেকে আর্জেন্টিনায় আসেন রামোস। এক আর্জেন্টাইন পরিবার তাঁকে দত্তক নেওয়ার পর সেখানেই তাঁর বেড়ে ওঠা। তিনি ভেলেজ সার্সফিল্ডের যুব একাডেমির খেলোয়াড়।
ফিফার নিয়ম অনুযায়ী, সিনিয়র জাতীয় দলের হয়ে অন্তত তিন ম্যাচ না খেললে রামোসের জাতীয়তা পরিবর্তনের সুযোগ পুরোপুরি বন্ধ হবে না। এদিকে হাইতি বিদায় নিলেও ডেনমার্কের সঙ্গে ৩-৩ গোলে ড্র করে অনূর্ধ্ব-১৭ বিশ্বকাপের শেষ ৩২-এ উঠেছে আর্জেন্টিনা।
সূত্র: আজকের পত্রিকা



