মেসির সপ্তম শ্রেণির নম্বরপত্র ভাইরাল, গণিতে পেয়েছিলেন ৬

রোজারিওর স্কুলে সপ্তম শ্রেণিতে পড়ার সময় মেসির নম্বরপত্রের ছবি সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়েছে। শারীরিক শিক্ষায় পূর্ণ নম্বর পেলেও গণিতে পেয়েছিলেন ৬।
সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়েছে লিওনেল মেসির স্কুলজীবনের একটি নম্বরপত্রের ছবি। রোজারিওর ৬৬ নম্বর জেনারেল লাস হেরাস স্কুলে সপ্তম শ্রেণিতে পড়ার সময়কার ওই নম্বরপত্রটি কীভাবে প্রকাশ্যে এল, তা জানা যায়নি। কোন পরীক্ষার ফল এটি, সেটিও স্পষ্ট নয়।
নম্বরপত্র অনুযায়ী, শারীরিক শিক্ষায় ১০-এর মধ্যে ১০ পেয়েছিলেন মেসি। শিল্প ও সংগীতে পেয়েছিলেন ৮; গণিত, ভাষাশিক্ষা, সমাজবিজ্ঞান, বিদেশি ভাষা ও প্রযুক্তিতে ৬ করে। ‘নৈতিকতা ও নাগরিক শিক্ষা’ বিষয়ে তাঁর নম্বর ছিল ৭।
১৩ বছর বয়সে মেসি শৈশবের ক্লাব নিওয়েলস ওল্ড বয়েজের বয়সভিত্তিক দলে খেলতেন। আর্জেন্টিনার সংবাদমাধ্যম ক্লারিনের তথ্য অনুযায়ী, নম্বরপত্রে পড়াশোনায় মোটামুটি ফলের চিত্র দেখা গেলেও খেলাধুলাসংশ্লিষ্ট বিষয়ে তাঁর বিশেষ প্রতিভার কথা শিক্ষকেরা উল্লেখ করেছিলেন।
পঞ্চম ও ষষ্ঠ শ্রেণিতে মেসির গণিতের শিক্ষক আন্দ্রেয়া সোসা তাঁকে শান্ত ও লাজুক বলে বর্ণনা করেছিলেন। ব্রাজিলের সংবাদমাধ্যম গ্লোবোকে তিনি বলেন, ‘সে খুব শান্ত ছেলে ছিল, লাজুক হওয়ায় ক্লাসে খুব একটা অংশ নিত না। তবে ফুটবল খেলতে খেলার মাঠে গেলেই পুরোপুরি বদলে যেত। তখনই সে হয়ে উঠত সেই লিও, যাকে আজ সারা বিশ্ব চেনে।’
স্কুলটির সহকারী প্রধান শিক্ষক ও মেসির প্রথম শ্রেণির শিক্ষক মনিকা দোমিনা জানান, মেসির অনেক বন্ধু ছিল এবং সবাই তার সঙ্গে ফুটবল খেলতে চাইত। তাঁর ভাষায়, ‘সে খুব শান্ত ছিল; কিন্তু অনেক বন্ধু ছিল; সবাই তার সঙ্গে ফুটবল খেলতে চাইত, ক্লাস শেষ হলে সবার আগে দৌড়ে মাঠে পৌঁছানোর প্রতিযোগিতা চলত তাদের। খেলাধুলা সব সময়ই ছিল তার প্যাশন।’
নিজের পড়াশোনা নিয়ে মেসি আগেও বলেছেন, ‘সত্যি বলতে, আমি কখনোই ভালো ছাত্র ছিলাম না।’ বার্সেলোনায় যাওয়ার পরও পড়াশোনা তাঁর অগ্রাধিকার ছিল না বলে জানিয়েছেন তিনি। তারকা হওয়ার পর একাধিকবার শৈশবের স্কুলে গেছেন মেসি এবং অনুদান দিয়েছেন। তাঁর সহায়তায় স্কুলটি কম্পিউটার, টেলিভিশন ও সাউন্ড সিস্টেম পেয়েছে; মাঠের বেঞ্চও মেরামত করা সম্ভব হয়েছে।
সূত্র: প্রথম আলো



