সাইবার হামলায় ফিফার কিছু তথ্য চুরি, দায় স্বীকার হ্যাকিং গোষ্ঠীর

ফিফা জানিয়েছে, তাদের কিছু ব্যক্তিগত ও ব্যবসায়িক তথ্যে অননুমোদিত প্রবেশ ঘটেছে। অনলাইনে ‘হ্যান্ডসাম বয় হ্যাকিং ক্লাব’ পরিচয় দেওয়া একটি গোষ্ঠী হামলার দায় স্বীকার করেছে।
ফিফার তথ্যভান্ডারে সাইবার হামলা চালিয়ে ব্যক্তিগত ও ব্যবসায়িক তথ্য হাতিয়ে নিয়েছে দুর্বৃত্তরা। বৃহস্পতিবার এক বিবৃতিতে বিশ্ব ফুটবলের নিয়ন্ত্রক সংস্থাটি জানায়, কিছু তথ্য অননুমোদিতভাবে দেখা হয়েছে। ফিফার দাবি, চুরি হওয়া তথ্যের পরিমাণ সীমিত।
হামলার তদন্তে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ ও আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সঙ্গে কাজ করছে ফিফা। সংস্থাটি বলেছে, তাদের প্রযুক্তি বা তথ্যপ্রযুক্তি ব্যবস্থার কোনো ত্রুটির কারণে এ ঘটনা ঘটেনি। কর্মীদের পরিচয় ধারণ করে এবং তাঁদের সরলতার সুযোগ নিয়ে অপরাধীরা নথিতে প্রবেশাধিকার পেয়েছে।
অনলাইনে ‘হ্যান্ডসাম বয় হ্যাকিং ক্লাব’ নামে পরিচিত একটি গোষ্ঠী হামলার দায় নিয়েছে। গত সপ্তাহে ফিফার বিভিন্ন নথির স্ক্রিনশটও প্রকাশ করে তারা। গোষ্ঠীটির দাবি, ১২ গিগাবাইট তথ্য চুরি করেছে তারা। তবে বিশ্লেষণে দেখা গেছে, ফিফার সংরক্ষিত মোট তথ্যের ০.১ শতাংশেরও কম চুরি হয়েছে। হামলাটি ব্যক্তিবিশেষের বদলে ফিফাকে লক্ষ্য করে চালানো হয়েছে।
ফিফা সভাপতি জিয়ান্নি ইনফান্তিনোর বিতর্কিত বিশ্বকাপ স্বত্ব বিক্রির পরিকল্পনা-সংক্রান্ত কোনো নথি এই হামলায় চুরি হয়নি বলে জানিয়েছে বিবিসি। ‘ফিফা ফরোয়ার্ড এন্টারপ্রাইজ’ নামের পরিকল্পনায় বিশ্বকাপের বাণিজ্যিক স্বত্ব দীর্ঘ মেয়াদে বেসরকারি বিনিয়োগকারীদের কাছে বিক্রির উদ্যোগ নেওয়া হয়েছিল। তবে পরিকল্পনাটি শেষ পর্যন্ত ব্যর্থ হয়।
সম্প্রতি ইংলিশ ফুটবল অ্যাসোসিয়েশনের (এফএ) সভাপতি ডেবি হিউইটকে ওই পরিকল্পনার নথি দেখার সুযোগ দেওয়া হয়েছে। এ জন্য তাঁকে গোপনীয়তা রক্ষার চুক্তিতে সই করতে হয়েছে।
ফিফা বিবৃতিতে ব্যক্তিগত তথ্যসহ যেকোনো তথ্য অবৈধভাবে সংগ্রহ ও প্রকাশের নিন্দা জানিয়েছে। সংস্থাটির ভাষ্য, এ ধরনের কর্মকাণ্ড ব্যক্তির গোপনীয়তার গুরুতর লঙ্ঘন এবং সংশ্লিষ্টদের জন্য বড় পরিণতি ডেকে আনতে পারে।
সূত্র: আজকের পত্রিকা



