‘হলান্ড’ নামের ট্রেডমার্ক বাতিল, ইউরোপীয় আদালতে আপিল করবেন পোলিশ ইলেকট্রিশিয়ান

আর্লিং হলান্ডের পদবি ১৬টি পণ্যশ্রেণিতে ট্রেডমার্ক হিসেবে নিবন্ধন করেছিলেন পোল্যান্ডের এক ইলেকট্রিশিয়ান। অসৎ উদ্দেশ্যের কথা জানিয়ে সেই নিবন্ধন বাতিল করেছে ইইউআইপিও।
নিজের পদবি ‘হলান্ড’ বাণিজ্যিকভাবে ব্যবহারের অধিকার পেতে পোল্যান্ডের এক ইলেকট্রিশিয়ানের সঙ্গে আইনি লড়াইয়ে জড়িয়েছিলেন ম্যানচেস্টার সিটির নরওয়েজীয় স্ট্রাইকার আর্লিং হলান্ড। ইউরোপীয় ইউনিয়নের মেধাস্বত্ববিষয়ক সংস্থা ইইউআইপিও ওই ইলেকট্রিশিয়ানের ট্রেডমার্ক নিবন্ধন বাতিল করেছে।
২০২৩ সালে নিজের নামে ব্র্যান্ড চালুর পরিকল্পনা থেকে ইউরোপীয় ইউনিয়নে ‘হলান্ড’ নামটি ট্রেডমার্ক হিসেবে নিবন্ধনের উদ্যোগ নেন ফুটবলার হলান্ড। পরে জানতে পারেন, এর আগেই নামটি নিবন্ধন করেছেন পোলিশ ইলেকট্রিশিয়ান মাইকেল ওয়াঁস।
ওয়াঁস নামটি ১৬টি পণ্যশ্রেণিতে নিবন্ধন করেছিলেন। সেগুলোর মধ্যে খেলনা, ক্রীড়াসামগ্রী, পুষ্টিবর্ধক উপাদান, এনার্জি ড্রিংকস এবং নারীদের অন্তর্বাস রয়েছে।
হলান্ডের আইনি দলের অভিযোগ, ফুটবলারের আন্তর্জাতিক খ্যাতি কাজে লাগিয়ে বাণিজ্যিক সুবিধা নেওয়ার অসৎ উদ্দেশ্যেই নামটি নিবন্ধন করেছেন ওয়াঁস। তবে অভিযোগ অস্বীকার করে তিনি বলেছেন, ফুটবলার হলান্ডের সঙ্গে তাঁর কোনো সম্পর্ক নেই।
নামটির ব্যাখ্যায় ওয়াঁসের দাবি, পোলিশ শব্দ ‘হালা’—যার অর্থ বড় আচ্ছাদিত স্থাপনা—এবং ইংরেজি ‘ল্যান্ড’ শব্দ মিলিয়ে ‘হলান্ড’ হয়েছে। তাঁর আরেকটি ব্যাখ্যা, এটি ‘হাই অ্যাডভান্সড অ্যাকটিভিটি ল্যান্ড’ কথাটির সংক্ষিপ্ত রূপ।
ইইউআইপিও ওয়াঁসের ব্যাখ্যায় সন্তুষ্ট হয়নি। সংস্থাটির মতে, নিবন্ধনের পেছনে অসৎ উদ্দেশ্য ছিল এবং পণ্য দেখে ক্রেতাদের হলান্ডের সঙ্গে সম্পর্ক আছে বলে মনে হওয়ার ঝুঁকি রয়েছে।
নিবন্ধন বাতিলের সিদ্ধান্ত মেনে নিতে রাজি নন ওয়াঁস। রায় বদলাতে ইউরোপীয় আদালতে আপিল করবেন বলে জানিয়েছেন তিনি।
সূত্র: প্রথম আলো



