সূর্যবংশীর বয়স ২০-২১, দাবি পাকিস্তানের সাবেক পেসার তানভীরের

ভারতের বৈভব সূর্যবংশীর বয়স নিয়ে সন্দেহ প্রকাশ করেছেন পাকিস্তানের সাবেক পেসার তানভীর আহমেদ। তাঁর দাবি, ১৫ বছর বয়সী এই ক্রিকেটারের প্রকৃত বয়স ২০ থেকে ২১ বছর।
ভারতের বৈভব সূর্যবংশীর বয়স নিয়ে প্রশ্ন তুলেছেন পাকিস্তানের সাবেক পেসার তানভীর আহমেদ। পাকিস্তানের একটি টেলিভিশন অনুষ্ঠানে তিনি দাবি করেন, সরকারি হিসাবে ১৫ বছর বয়সী এই ক্রিকেটারের প্রকৃত বয়স অন্তত ২০ থেকে ২১ বছর। বয়স যাচাইয়ের প্রস্তাবেও তিনি সম্মতি দিয়েছেন।
দোহায় এসিসি এশিয়া কাপ রাইজিং স্টারস টুর্নামেন্টে সংযুক্ত আরব আমিরাতের বিপক্ষে ৫৩ বলে ২০৪ রান করেন সূর্যবংশী। ইনিংসে ছিল ২৮টি ছক্কা ও ৭টি চার। তাঁর ব্যাটিংয়ে ২৫০ রানের লক্ষ্য ১৪.২ ওভারে পেরিয়ে ৭ উইকেটে জেতে ভারত ‘এ’।
তানভীর বলেন, ‘ওর বয়স ১৫ বছর নয়। অন্তত ২০-২১ বছর হবে। ও যতই প্রতিভাবান হোক, ১৫ বছরের কোনো ছেলের পক্ষে ২৮টি ছক্কা মারা সম্ভব নয়।’ সূর্যবংশীর শারীরিক গঠন ও শক্তি নিয়েও সন্দেহ প্রকাশ করে তিনি বলেন, ১৫ বছর বয়সী ছেলের পক্ষে এভাবে ছক্কা মারা সম্ভব নয়। অনুষ্ঠানের আরেক সঞ্চালক বয়স পরীক্ষা করার কথা বললে তানভীর বলেন, ‘হ্যাঁ, পরীক্ষা করা হোক।’
সরকারি নথি অনুযায়ী, সূর্যবংশীর জন্ম ২০১১ সালের ২৭ মার্চ। তবে ২০২৩ সালে একটি স্থানীয় হিন্দি সংবাদমাধ্যমকে দেওয়া সাক্ষাৎকারে তিনি বলেছিলেন, ওই বছরের ২৭ সেপ্টেম্বর তাঁর বয়স ১৪ বছর হবে। জন্মতারিখ অনুযায়ী সে সময় তাঁর বয়স হওয়ার কথা ছিল সাড়ে ১২ বছর। সাক্ষাৎকারের ভিডিও ছড়িয়ে পড়ার পর বয়স নিয়ে বিতর্ক শুরু হয়।
২০২৪ সালের ৫ জানুয়ারি মুম্বাইয়ের বিপক্ষে বিহারের হয়ে রঞ্জি ট্রফিতে অভিষেকের সময় তাঁর সার্টিফিকেটে বয়স ছিল ১২ বছর ২৮৪ দিন। এরপরও ২০২৩ সালের সাক্ষাৎকারের ভিডিও সামনে এনে তাঁর বয়স নিয়ে প্রশ্ন তোলেন সমালোচকেরা।
অভিযোগের জবাবে সূর্যবংশীর বাবা সঞ্জীব সূর্যবংশী পিটিআইকে বলেছিলেন, ছেলের বয়স নিয়ে তাঁদের ভয় নেই এবং সে বিসিসিআইয়ের বয়স পরীক্ষায় অংশ নিয়েছে। তাঁর ভাষ্য, ‘ওর বয়স যখন সাড়ে আট বছর, তখনই প্রথম বিসিসিআইয়ের বোন টেস্ট দিয়েছিল। সে এরই মধ্যে ভারত অনূর্ধ্ব-১৯ দলের হয়ে খেলেছে। আমরা কাউকে ভয় পাই না। প্রয়োজন হলে আবারও বয়স পরীক্ষা দিতে পারে।’
সূত্র: প্রথম আলো



