২০১৮ বল টেম্পারিংয়ের দায় দলীয়ভাবে নেওয়ার প্রস্তাব খাজার

ক্রিকেট অস্ট্রেলিয়ার প্রধান নির্বাহী টড গ্রিনবার্গকে যৌথ বিবৃতির খসড়া পাঠিয়েছেন উসমান খাজা। ২০১৮ সালের বল টেম্পারিংয়ের দায় দলের সবার নেওয়ার প্রস্তাব দিয়েছেন তিনি।
২০১৮ সালের বল টেম্পারিং বিতর্কের নিষ্পত্তিতে পুরো দলের পক্ষ থেকে দায় স্বীকারের প্রস্তাব দিয়েছেন উসমান খাজা। অস্ট্রেলিয়ার অধিনায়ক প্যাট কামিন্সসহ ওই দলের সদস্যদের নিয়ে একটি যৌথ বিবৃতির খসড়া ক্রিকেট অস্ট্রেলিয়ার (সিএ) প্রধান নির্বাহী টড গ্রিনবার্গের কাছে পাঠিয়েছেন তিনি।
খাজার আত্মজীবনী প্রকাশের পর দক্ষিণ আফ্রিকা সফরের সেই ঘটনা নিয়ে আবার আলোচনা শুরু হয়। তাঁর দাবি, নিউল্যান্ডস টেস্ট ছাড়াও বলের অবস্থা বদলানো হয়েছিল এবং দলের সবাই তা জানতেন। এ বিষয়ে কামিন্সের প্রকাশ্য বিরোধিতার পর দুই ক্রিকেটারের মধ্যে মতবিরোধ আরও স্পষ্ট হয়।
৬৮ মিনিটের সংবাদ সম্মেলনে কামিন্স খাজার অভিযোগকে পুরোপুরি ভুল বলেন। অন্যদের জীবন ও সুনামের বিষয়ে খাজার বক্তব্যকে দায়িত্বজ্ঞানহীন বলেও উল্লেখ করেন অস্ট্রেলিয়ার অধিনায়ক। কামিন্সের প্রতিক্রিয়ায় হতাশ হলেও বিতর্ক মেটানোর উদ্যোগ নিচ্ছেন খাজা।
দ্য গ্রেড ক্রিকেটার পডকাস্টে খাজা জানান, ২০১৮ সালের দলের সবাই সমর্থন করতে পারেন—এমন বিবৃতির খসড়া তিনি গ্রিনবার্গকে দিয়েছেন। প্রস্তাবে বলা হয়েছে, বল স্যান্ডপেপার দিয়ে নাকি অন্য উপায়ে বদলানো হয়েছিল, সেটি মূল বিষয় নয়; দল হিসেবে তারা বলের অবস্থা কৃত্রিমভাবে পরিবর্তনের দায় নেবে এবং কী করছে তা জানত। খাজার ভাষ্য, আট বছর আগেই দলের এ দায় স্বীকার করা উচিত ছিল।
খসড়ায় স্টিভ স্মিথ, ক্যামেরন ব্যানক্রফট ও ডেভিড ওয়ার্নারের প্রতিও দলের দায়বদ্ধতা স্বীকারের প্রস্তাব রয়েছে। তাঁদের দলের স্বার্থে বড় মূল্য দিতে হয়েছে উল্লেখ করে দুঃখ ও কৃতজ্ঞতা প্রকাশের কথা বলেছেন খাজা।
প্রস্তাবটি কার্যকর হবে কি না, তা নিয়ে সংশয় আছে। ২০২১ সালের এক বিবৃতিতে অস্ট্রেলিয়ার চার প্রধান বোলার বল টেম্পারিং সম্পর্কে আগে থেকে জানার কথা অস্বীকার করেছিলেন; তাঁরা এখনো সেই অবস্থানে অনড়। খাজা বলেন, গ্রিনবার্গও তাঁর উদ্যোগ নিয়ে কিছুটা সংশয় জানিয়েছেন।
খাজার আত্মজীবনী প্রকাশের পর কামিন্সের সংবাদ সম্মেলনের পাশাপাশি ব্যানক্রফটও এ ঘটনা নিয়ে বিস্তারিত কথা বলেছেন। গত সপ্তাহে ৪ হাজার শব্দের এক নিবন্ধে নিজের বক্তব্য তুলে ধরেন তিনি। এরপর কামিন্সের নেতৃত্ব নিয়ে প্রশ্ন উঠলেও ক্রিকেট অস্ট্রেলিয়ার বোর্ড তাঁকে সর্বসম্মত সমর্থন দিয়েছে।
বিতর্ক মেটাতে একটি স্বাধীন ফোরাম গঠনের ঘোষণা দিয়েছে ক্রিকেট অস্ট্রেলিয়া। এ সপ্তাহের শেষ দিকে ফোরাম সম্পর্কে বিস্তারিত জানানো হতে পারে। ২০১৮ সালের সফরের সঙ্গে সংশ্লিষ্ট ব্যক্তিদের বক্তব্য শোনা এবং কতটুকু তথ্য প্রকাশ করা হবে, সেসব বিষয় সেখানে আলোচনার কথা রয়েছে।
সূত্র: আজকের পত্রিকা



