সূর্যবংশীর রানখরা কাটাতে পরামর্শ দিয়েছিলেন যুবরাজ

দোহায় ৫৩ বলে ২০৪ রানের ইনিংসের আগে যুবরাজ সিংয়ের সঙ্গে প্রায় আধা ঘণ্টা কথা বলেন বৈভব সূর্যবংশী। তাঁর পরামর্শ কাজে লেগেছে বলে জানিয়েছেন তরুণ ব্যাটার।
সংযুক্ত আরব আমিরাতের বিপক্ষে রেকর্ড গড়া ইনিংসের আগে রানখরা কাটাতে নিজের আদর্শ যুবরাজ সিংয়ের পরামর্শ নিয়েছিলেন বৈভব সূর্যবংশী। দোহায় এশিয়া কাপ রাইজিং স্টার্স টুর্নামেন্টের ম্যাচে ৫৩ বলে ২০৪ রান করেন ১৫ বছর বয়সী এই বাঁহাতি ব্যাটার।
বিসিসিআইয়ের ওয়েবসাইটকে দেওয়া সাক্ষাৎকারে সূর্যবংশী বলেন, ম্যাচের আগে বাবাসহ চারজনের সঙ্গে কথা বলেছিলেন তিনি। তাঁদের মধ্যে ছিলেন ছোটবেলার কোচ মনীশ ওঝা, অনূর্ধ্ব-১৯ পর্যায় থেকে তাঁর সঙ্গে থাকা বন্ধু প্রথম জাচক এবং যুবরাজ। যুবরাজের সঙ্গে প্রায় আধা ঘণ্টা কথা হয় তাঁর।
টানা কয়েকটি ম্যাচে রান না পাওয়ায় ব্যাটিং নিয়ে উদ্বিগ্ন ছিলেন সূর্যবংশী। নিজের সমস্যার কথা যুবরাজকে জানালে তিনি ব্যাটিংয়ের নানা দিক বুঝিয়ে দেন। সূর্যবংশী বলেন, ‘বিশেষ করে বলেছেন, “তুমি যদি ২০ বল খেলতে পারো, তাহলে দলের স্কোর অন্য রকম হবে।”’
ম্যাচের আগে উইকেট দেখে অবশ্য নিজের স্বাভাবিক খেলাতেই আস্থা রাখেন সূর্যবংশী। যুবরাজের সঙ্গে কথা বলার পর নিজের ব্যাটিংয়ের ভিডিও দেখেন এবং কোথায় ভুল হচ্ছিল তা বোঝার চেষ্টা করেন। তাঁর ভাষ্য, যুবরাজের পরামর্শ মেনে খেলার চেষ্টা করে অনেক উপকার পেয়েছেন।
ইনিংসে ২৮টি ছক্কা ও ৭টি চার মেরেছেন সূর্যবংশী। লিস্ট ‘এ’ ক্রিকেটে ৫২ বলে ডাবল সেঞ্চুরি পূর্ণ করে দ্রুততম দ্বিশতকের রেকর্ড গড়েছেন তিনি।
সূত্র: আজকের পত্রিকা



