টি-টোয়েন্টিতে গেইলকে টপকে দ্বিতীয় সর্বোচ্চ ইনিংস প্রিয়াংশের

সৈয়দ মুশতাক আলী ট্রফিতে ৬৮ বলে ১৮১ রান করে দিল্লিকে ১১৬ রানের জয় এনে দিয়েছেন প্রিয়াংশ আর্য। টি-টোয়েন্টিতে ব্যক্তিগত সর্বোচ্চ ইনিংসের তালিকায় এখন তাঁর অবস্থান দ্বিতীয়।
ইন্দোরে সৈয়দ মুশতাক আলী ট্রফির ম্যাচে ৬৮ বলে ১৮১ রান করে টি-টোয়েন্টিতে ব্যক্তিগত সর্বোচ্চ ইনিংসের তালিকায় দ্বিতীয় স্থানে উঠে এসেছেন দিল্লির অধিনায়ক প্রিয়াংশ আর্য। তাঁর ইনিংসে ছিল ৭টি চার ও ১৯টি ছক্কা।
মঙ্গলবার ড্যালি কলেজ গ্রাউন্ডে টসের পর ব্যাট করতে নেমে প্রিয়াংশের ঝোড়ো ব্যাটিংয়ে ৫ উইকেটে ২৭৫ রান তোলে দিল্লি। জবাবে তামিলনাড়ু ১৫৯ রানে অলআউট হলে ১১৬ রানে জয় পায় দিল্লি।
১৯টি ছক্কা মেরে এক ইনিংসে সর্বোচ্চ ছক্কার রেকর্ডেও ভাগ বসিয়েছেন প্রিয়াংশ। এই রেকর্ডে তাঁর সঙ্গে আছেন নিউজিল্যান্ডের ফিন অ্যালেন।
টি-টোয়েন্টিতে এক ইনিংসে সর্বোচ্চ রানের রেকর্ড দক্ষিণ আফ্রিকার লুয়ান-দ্রে প্রিটোরিয়াসের। চলতি বছরের ২ অক্টোবর ব্লুমফন্টেইনে নাইটসের বিপক্ষে টাইটানসের হয়ে ৭৯ বলে অপরাজিত ১৮৮ রান করেছিলেন তিনি। প্রিয়াংশের চেয়ে তাঁর ইনিংসটি ৭ রানের বেশি।
প্রিয়াংশের আগে তালিকার দ্বিতীয় স্থানে ছিলেন ক্রিস গেইল। ২০১৩ সালের ২৩ এপ্রিল বেঙ্গালুরুতে আইপিএলে রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুর হয়ে পুনে ওয়ারিয়র্সের বিপক্ষে ৬৬ বলে অপরাজিত ১৭৫ রান করেছিলেন গেইল। ওই ইনিংসে ছিল ১৩টি চার ও ১৭টি ছক্কা।
সূত্র: আজকের পত্রিকা



