জ্বরে বোলিং বন্ধ নাহিদ রানার, টি-টোয়েন্টিতে ফেরা অনিশ্চিত

দুই দিন জ্বরে বোলিং করতে পারেননি নাহিদ রানা। ডেঙ্গু পরীক্ষার ফলের ওপর নির্ভর করছে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে টি-টোয়েন্টি সিরিজে তাঁর ফেরা।
দক্ষিণ আফ্রিকার বিপক্ষে ওয়ানডে সিরিজ দিয়ে মাঠে ফেরার পরিকল্পনা ছিল নাহিদ রানার। পুরোপুরি ফিট না হওয়ায় টেস্টের পর ওয়ানডে দলেও জায়গা হয়নি তাঁর। পরিকল্পনা ছিল, ওয়ানডে সিরিজ চলার সময় তাঁকে দক্ষিণ আফ্রিকায় পাঠিয়ে টি-টোয়েন্টি সিরিজের জন্য প্রস্তুত করা হবে। তবে জ্বরে সেই পরিকল্পনা অনিশ্চিত হয়ে পড়েছে।
পুনর্বাসনের জন্য অস্ট্রেলিয়ায় থাকার সময়ই পুরোদমে বোলিং শুরু করেছিলেন নাহিদ। এখন তাঁর কোনো ব্যথা নেই। ৩০ নভেম্বর পর্যন্ত নির্দিষ্ট পরিমাণ বোলিং করার লক্ষ্য দেওয়া হয়েছিল তাঁকে। কিন্তু গত দুই দিন জ্বর থাকায় বোলিং করতে পারেননি তিনি।
গতকাল তাঁর ডেঙ্গু পরীক্ষাও হয়েছে। ফল পজিটিভ হলে নাহিদের মাঠে ফেরা আরও পিছিয়ে যেতে পারে। গত জুন থেকে সাইড স্ট্রেইন ও নিতম্বের ব্যথায় মাঠের বাইরে আছেন এই পেসার। ডেঙ্গু না হলে ১০ ডিসেম্বর শুরু হতে যাওয়া দক্ষিণ আফ্রিকার বিপক্ষে টি-টোয়েন্টি সিরিজ দিয়ে আন্তর্জাতিক ক্রিকেটে ফেরার কথা তাঁর।
আন্তর্জাতিক ক্রিকেটে ফেরার আগে ঘরোয়া ক্রিকেটে অন্তত একটি ম্যাচ খেলিয়ে নাহিদকে পরখ করতে চেয়েছিলেন নির্বাচকেরা। তবে আপাতত ঘরোয়া ক্রিকেটে কোনো টুর্নামেন্ট না থাকায় সেই সুযোগ নেই।
আরেক পেসার হাসান মাহমুদকেও মাঠে ফিরতে অপেক্ষা করতে হবে। চোটের কারণে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে টেস্ট সিরিজের মাঝপথে দেশে ফিরেছিলেন তিনি। টেনিস এলবোর পুরোনো ব্যথা বেড়ে যাওয়ায় সেঞ্চুরিয়নে দ্বিতীয় টেস্টে খেলতে পারেননি। বিসিবির একটি সূত্র জানিয়েছে, মাঠে ফিরতে হাসানের অন্তত এক মাস লাগতে পারে। বিশ্রামেই তাঁর চোট সেরে উঠবে বলে আশা করা হচ্ছে।
সূত্র: প্রথম আলো




