ধবলধোলাইয়ের সিরিজেও হৃদয়কে নিয়ে শান্তর স্বস্তি

দক্ষিণ আফ্রিকা সিরিজে ২২০ রান করে বাংলাদেশের সর্বোচ্চ রান সংগ্রাহক হয়েছেন তাওহীদ হৃদয়। তাঁর ফর্ম ধরে রাখার আশা করছেন অধিনায়ক নাজমুল হোসেন শান্ত।
দক্ষিণ আফ্রিকার কাছে সিরিজে ধবলধোলাই হলেও তাওহীদ হৃদয়ের পারফরম্যান্সে স্বস্তি খুঁজে পেয়েছেন অধিনায়ক নাজমুল হোসেন শান্ত। সিরিজে ২২০ রান করে বাংলাদেশের সর্বোচ্চ রান সংগ্রাহক হয়েছেন হৃদয়।
সেঞ্চুরিয়নে ক্যারিয়ারের পঞ্চম টেস্টে হৃদয় দুই ইনিংসে করেন ১৯ ও ৪১ রান। এর আগে জোহানেসবার্গের ওয়ান্ডারার্সে প্রথম ইনিংসে ১৩৭ এবং দ্বিতীয় ইনিংসে ২৩ রান করেছিলেন তিনি।
প্রথম পাঁচ টেস্টে দুটি সেঞ্চুরি করেছেন হৃদয়। জোহানেসবার্গ টেস্টের প্রথম ইনিংসের আগে সিলেটে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে ২৪২ রানের ইনিংস খেলেন তিনি। হৃদয়ের ফর্মে খুশি শান্ত; তাঁর আশা, ব্যাটার এই ধারাবাহিকতা ধরে রাখবেন।
সংবাদ সম্মেলনে শান্ত বলেন, ‘আলহামদুলিল্লাহ। চার-পাঁচটি টেস্ট ম্যাচ খেলেছে, দারুণ খেলেছে। পাঁচ নম্বরে এমন একজন ব্যাটার থাকলে অবশ্যই দলের জন্য ভালো ব্যাপার। আলহামদুলিল্লাহ দলের জন্য এভাবে পারফর্ম করছে। আশা করব যে সে এভাবে চালিয়ে যাবে। অধিনায়ক হিসেবে স্বস্তির ব্যাপার।’
হৃদয় নিয়মিত পাঁচ নম্বরে খেলবেন কি না, এমন প্রশ্নে শান্ত জানান, দেশের মাঠে পরের সিরিজের আগে এ বিষয়ে সিদ্ধান্ত নেওয়া হবে। হৃদয় চার, পাঁচ ও ছয়—তিন নম্বরেই খেলেছেন বলেও উল্লেখ করেন তিনি।
সূত্র: আজকের পত্রিকা




