এএফসির শাস্তি, তিন ম্যাচ নিষিদ্ধ আরিফ; জরিমানা ৩৫০ ডলার

সিরিয়ার বিপক্ষে লাল কার্ড দেখার ঘটনায় বাংলাদেশের অনূর্ধ্ব-১৭ দলের মিডফিল্ডার মোহাম্মদ আরিফকে তিন ম্যাচ নিষিদ্ধ করেছে এএফসি। তাঁকে ৩০ দিনের মধ্যে ৩৫০ ডলার জরিমানাও দিতে হবে।
এশিয়ান ফুটবল কনফেডারেশনের (এএফসি) বাছাইপর্বে সিরিয়ার বিপক্ষে লাল কার্ড দেখার ঘটনায় বাংলাদেশের অনূর্ধ্ব-১৭ দলের মিডফিল্ডার মোহাম্মদ আরিফকে তিন ম্যাচ নিষিদ্ধ করা হয়েছে। তাঁকে ৩৫০ ডলার জরিমানাও করেছে এএফসি, বাংলাদেশি মুদ্রায় যা প্রায় ৪৪ হাজার টাকা।
শাস্তির সিদ্ধান্ত জানানোর ৩০ দিনের মধ্যে জরিমানার অর্থ পরিশোধ করতে হবে আরিফকে। এএফসির ডিসিপ্লিনারি অ্যান্ড এথিকস কমিটির তদন্তে তাঁর বিরুদ্ধে সহিংস আচরণের অভিযোগ প্রমাণিত হয়েছে।
গত ৮ নভেম্বর সংযুক্ত আরব আমিরাতে সিরিয়ার কাছে ৫-১ গোলে হারে বাংলাদেশ। ম্যাচের ৭১ মিনিটে প্রতিপক্ষের এক খেলোয়াড়ের সঙ্গে অনাকাঙ্ক্ষিত ঘটনায় জড়িয়ে লাল কার্ড দেখেন আরিফ।
সহকারী কোচ আতিকুর রহমান মিশু আরিফের লাল কার্ড নিয়ে বলেন, ‘এটা লাল কার্ডের মতো বড় ঘটনা ছিল না। সে শুধু বলটা একটু দূরে সরিয়ে দিয়েছিল। আমরা বেশ দূরে ছিলাম, তাই পুরো ঘটনা ঠিকমতো বুঝতে পারিনি। তবে এটা লাল কার্ড হওয়ার মতো কোন ঘটনা ছিল না আমার মতে।’
এএফসির সিদ্ধান্তে তিন ম্যাচের নিষেধাজ্ঞার মধ্যে লাল কার্ডের কারণে স্বয়ংক্রিয়ভাবে কার্যকর হওয়া এক ম্যাচের নিষেধাজ্ঞাও অন্তর্ভুক্ত। বাছাইপর্বে ভুটান, ম্যাকাও ও স্বাগতিক সংযুক্ত আরব আমিরাতের বিপক্ষে বাংলাদেশের তিন ম্যাচে খেলতে পারেননি আরিফ।
সূত্র: চ্যানেল আই অনলাইন



