সিএএসের রায়ে আফকন শিরোপা ফিরে পেল সেনেগাল

সিএএফের আপিল কমিটির সিদ্ধান্ত বাতিল করে সেনেগালের শিরোপা বহাল রেখেছে সিএএস। মরক্কো চাইলে সুইজারল্যান্ডের ফেডারেল সুপ্রিম কোর্টে আবেদন করতে পারে।
আফ্রিকা কাপ অব নেশন্সের (আফকন) শিরোপা নিয়ে সেনেগালের আপিল মঞ্জুর করেছে কোর্ট অব আরবিট্রেশন ফর স্পোর্টস (সিএএস)। এর ফলে আফ্রিকান ফুটবল কনফেডারেশনের (সিএএফ) আপিল কমিটির আগের রায় বাতিল হয়েছে এবং মাঠের ফল অনুযায়ী সেনেগালের শিরোপা বহাল থাকছে।
সিএএসের এক বিবৃতিতে বলা হয়েছে, তিন বিচারক সর্বসম্মতভাবে এ রায় দিয়েছেন। গত মার্চে সিএএফের আপিল কমিটি সেনেগালের ১-০ গোলের জয় বাতিল করে মরক্কোকে ৩-০ ব্যবধানে বিজয়ী ঘোষণা করেছিল।
গত ১৮ জানুয়ারি মরক্কোর রাজধানী রাবাতে ফাইনালে স্বাগতিকদের হারিয়ে শিরোপা জেতে সেনেগাল। ম্যাচের শেষ দিকে মরক্কোর পক্ষে পেনাল্টি দেওয়ার প্রতিবাদে সেনেগালের কয়েকজন খেলোয়াড় মাঠ ছেড়ে যান। অধিনায়ক সাদিও মানের আহ্বানে তাঁরা পরে ফিরে খেলায় অংশ নেন।
পেনাল্টি থেকে গোল করতে পারেনি মরক্কো। অতিরিক্ত সময়ে পাপে গুয়েরের গোলে জয় নিশ্চিত করে সেনেগাল। তবে খেলোয়াড়দের মাঠ ছেড়ে যাওয়ার ঘটনাকে ম্যাচ পরিত্যাগ হিসেবে ধরে সিএএফের আপিল কমিটি সেনেগালের জয় বাতিল করেছিল। ওই সিদ্ধান্তের বিরুদ্ধে সিএএসে আবেদন করে সেনেগালের ফুটবল ফেডারেশন।
মরক্কো চাইলে সিএএসের রায়ের বিরুদ্ধে সুইজারল্যান্ডের ফেডারেল সুপ্রিম কোর্টে আবেদন করতে পারে। ওই আদালত মামলার মূল বিষয় নয়, কেবল বিচারপ্রক্রিয়াসংক্রান্ত দিকগুলো পর্যালোচনা করবে।
এদিকে মামলার তিন বিচারকের একজন গত রোববার সেনেগালের ফুটবল ফেডারেশনের সভাপতি আবদুলায়ে ফলের সঙ্গে ফোনে কথা বলেছেন বলে দাবি করেছে মরক্কোর ফুটবল ফেডারেশনের ঘনিষ্ঠ একটি সূত্র। সূত্রটির ভাষ্য, এমন কথা হয়ে থাকলে ওই বিচারকের নিরপেক্ষতা নিয়ে প্রশ্ন উঠতে পারে।
সিএএফের আগের সিদ্ধান্তের পর সেনেগালের ফুটবল ফেডারেশন সেটিকে ‘প্রশাসনিক ডাকাতি’ বলে আখ্যা দিয়েছিল। সিএএসের রায়ে সেই সিদ্ধান্ত বাতিল হওয়ায় শিরোপা নিয়ে আইনি লড়াইয়ে আপাতত স্বস্তি পেল সেনেগাল।
সূত্র: আজকের পত্রিকা




