২০২৮ কোপা আমেরিকাও আয়োজন করবে যুক্তরাষ্ট্র

২০২৮ সালের কোপা আমেরিকা ৯ জুন থেকে ৯ জুলাই যুক্তরাষ্ট্রে অনুষ্ঠিত হবে। আসরে খেলবে ১৬টি দল।
২০২৮ সালের কোপা আমেরিকার আয়োজক হিসেবে যুক্তরাষ্ট্রের নাম ঘোষণা করেছে দক্ষিণ আমেরিকার ফুটবল সংস্থা কনমেবল। টুর্নামেন্ট শুরু হবে ৯ জুন, শেষ হবে ৯ জুলাই। গত আসরের মতো এবারও অংশ নেবে ১৬টি দল।
এ নিয়ে তৃতীয়বারের মতো কোপা আমেরিকা আয়োজন করবে যুক্তরাষ্ট্র। এর আগে ২০১৬ ও ২০২৪ সালে দেশটিতে হয়েছিল প্রতিযোগিতাটি। ২০১৬ সালে ফাইনালে উঠেও শিরোপা জিততে পারেনি আর্জেন্টিনা। তবে ২০২৪ সালে যুক্তরাষ্ট্রেই শিরোপা ধরে রাখে লিওনেল স্কালোনির দল।
কনমেবলের ১০টি দলের সঙ্গে উত্তর ও মধ্য আমেরিকা এবং ক্যারিবীয় অঞ্চলের কনকাকাফের ছয়টি দল খেলবে ২০২৮ আসরে। কনকাকাফের দলগুলো নির্ধারিত হবে ২০২৭ সালের গোল্ড কাপের ফল এবং অবস্থান ও যোগ্যতার মানদণ্ডের ভিত্তিতে।
কনমেবল জানিয়েছে, যুক্তরাষ্ট্রের উন্নত অবকাঠামো এবং অর্থনৈতিক ও বাণিজ্যিক সম্ভাবনা আয়োজক নির্বাচনে ভূমিকা রেখেছে। ২০২৬ বিশ্বকাপের জন্য দেশটির বিভিন্ন শহরের কয়েকটি স্টেডিয়াম সংস্কার ও আধুনিকায়ন করা হয়েছে।
কনমেবল সভাপতি ও ফিফার সহসভাপতি আলেহান্দ্রো ডমিঙ্গেস বলেছেন, ২০২৮ সালে যুক্তরাষ্ট্রে কোপা আমেরিকা আয়োজনের মধ্য দিয়ে কনকাকাফের সঙ্গে ঐতিহাসিক অংশীদারত্ব আরও শক্ত হবে এবং মহাদেশজুড়ে ফুটবলের বিকাশে যৌথ অঙ্গীকার পুনর্ব্যক্ত হবে।
২০২৮ সালের আসরটি হবে কোপা আমেরিকার ৪৯তম আসর। আয়োজক হওয়ার দৌড়ে শুরুতে ইকুয়েডরও আগ্রহ দেখিয়েছিল; শেষ পর্যন্ত যুক্তরাষ্ট্রকে বেছে নিয়েছে কনমেবল।
সূত্র: আজকের পত্রিকা




