ফিফার বাণিজ্যিক স্বত্ব ৯৬ বছরের জন্য দেওয়ার পরিকল্পনায় ছিল থ্রাইভ ক্যাপিটাল

ফিফার অভ্যন্তরীণ নথিতে প্রায় ২০ বিলিয়ন ডলারের একটি বাণিজ্যিক পরিকল্পনার তথ্য উঠে এসেছে। এতে অংশীদার হিসেবে ছিল জশুয়া কুশনারের থ্রাইভ ক্যাপিটাল।
ফিফার প্রতিযোগিতাগুলোর বাণিজ্যিক স্বত্ব সর্বোচ্চ ৯৬ বছরের জন্য একটি মুনাফাভিত্তিক সহযোগী প্রতিষ্ঠানের হাতে দেওয়ার পরিকল্পনা করেছিলেন সংস্থাটির সভাপতি জিয়ান্নি ইনফান্তিনো। প্রায় ২০ বিলিয়ন ডলারের প্রস্তাবিত উদ্যোগে যুক্ত ছিল থ্রাইভ ক্যাপিটাল।
প্রতিষ্ঠানটি যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের জামাতা জ্যারেড কুশনারের ভাই জশুয়া কুশনারের। ফিফার অভ্যন্তরীণ নথিতে ‘ফিফা ফরোয়ার্ড এন্টারপ্রাইজ’ (এফএফই) নামের পরিকল্পনাটির তথ্য উঠে এসেছে। চুক্তি কার্যকর হলে ফিফার কর্মকর্তাদের কয়েক কোটি পাউন্ড আয়ের সুযোগও তৈরি হতো।
নথি অনুযায়ী, প্রস্তাবিত প্রতিষ্ঠানের ৫১ শতাংশ মালিকানা স্থায়ীভাবে ফিফার হাতে রাখার কথা বিবেচনা করা হয়েছিল। সাত সদস্যের পরিচালনা পর্ষদের চারটি পদও ফিফার নিয়ন্ত্রণে থাকত; এর দুটি ফিফা সভাপতি ও মহাসচিবের জন্য। থ্রাইভ ক্যাপিটালের সঙ্গে অন্য একটি প্রস্তাবিত চুক্তিতে ফিফার মালিকানা প্রায় ৮০ শতাংশ থাকার কথা ছিল।
বিশ্বকাপ ফাইনালের দুই দিন আগে, ১৭ জুলাই প্রস্তাবিত অংশীদারত্বের ঝুঁকি মূল্যায়ন করে ফিফা। পরদিনের স্মারকলিপি অনুযায়ী, লাইসেন্সের মেয়াদ প্রথমে ১২ বছর এবং নবায়নের মাধ্যমে সর্বোচ্চ ৯৬ বছর করার পরিকল্পনা ছিল।
থ্রাইভ ক্যাপিটালের শর্তপত্র ও ‘ব্যাকস্টপ লেটারে’ উদ্যোগটির নাম ছিল ‘প্রজেক্ট বক্স’। তাতে প্রকল্পের মূল্য বাড়লে ব্যবস্থাপনা পর্যায়ের ব্যক্তিদের বোনাস হিসেবে মোট শেয়ারের ৫ শতাংশ দেওয়ার প্রস্তাব ছিল। সুবিধাভোগীদের পরিচয় নির্দিষ্ট করা হয়নি। ফিফার স্মারকলিপিতে বলা হয়, ব্যবস্থাপনা দলকে ভালো কাজের জন্য উৎসাহ দিতেই এ ব্যবস্থা।
প্রকল্প শুরুর আট বছর পর এফএফইর একটি অংশ শেয়ারবাজারে ছাড়ার পরিকল্পনাও ছিল, যা সংশ্লিষ্ট ব্যক্তিদের আরও আয়ের সুযোগ তৈরি করত। নথি অনুযায়ী, বিনিয়োগের বিশেষ ও স্বতন্ত্র প্রকৃতির কথা বলে উন্মুক্ত দরপত্র আহ্বান করা হয়নি। লেনদেনের শর্ত সম্পর্কে ফিফার নিজস্ব অর্থ বিভাগও সরাসরি অবগত ছিল না।
পরিকল্পনাটি প্রকাশ্যে আসার পর ইনফান্তিনোর প্রায় এক দশকের নেতৃত্বে বড় সংকট তৈরি হয়। তাঁকে সরানোর চেষ্টা হলেও বর্তমানে তিনি অবস্থান শক্ত করেছেন এবং পরবর্তী নির্বাচনে পুনর্নির্বাচনের সবচেয়ে বড় দাবিদার। আগামী চার বছরের মেয়াদ তাঁর শেষ মেয়াদ হওয়ার কথা। নতুন নথি তাঁর বিরোধীরা নির্বাচনে ব্যবহার করতে পারেন, তবে এর প্রভাব অনিশ্চিত।
ফিফার এক মুখপাত্র বলেছেন, পরিকল্পনা বাস্তবায়নে সদস্য অ্যাসোসিয়েশন ও ফিফা কাউন্সিলের অনুমোদন প্রয়োজন হতো। তাঁর দাবি, প্রস্তাবিত বোনাস ফিফার কর্মকর্তাদের নয়, শুধু এফএফইর ব্যবস্থাপনা দলের জন্য ছিল। পরিচালনা পর্ষদে দায়িত্ব পালনের জন্য ফিফার শীর্ষ কর্মকর্তাদের অতিরিক্ত পারিশ্রমিক পাওয়ার কথাও ছিল না। ফিফা সভাপতির পারিশ্রমিক একটি স্বাধীন উপকমিটি নির্ধারণ করে।
এ বিষয়ে যোগাযোগ করা হলেও থ্রাইভ ক্যাপিটালের কোনো বক্তব্য পাওয়া যায়নি।
সূত্র: আজকের পত্রিকা




