লাল কার্ডের পর ছুরি হাতে মাঠে ফিরে প্রতিপক্ষকে হুমকি ফুটবলারের

ইতালির সিসিলিতে অপেশাদার লিগের ম্যাচে লাল কার্ড দেখার পর ভাঁজ করা ছুরি হাতে মাঠে ফিরে প্রতিপক্ষ দলের খেলোয়াড়, কোচ ও কর্মকর্তাদের হুমকি দেন এক ফুটবলার।
ইতালির সিসিলির মারসালা শহরে অপেশাদার ফুটবল ম্যাচে লাল কার্ড পাওয়ার পর ড্রেসিংরুমে চলে যান এক খেলোয়াড়। কিছুক্ষণ পর ভাঁজ করা ছুরি হাতে মাঠে ফিরে প্রতিপক্ষ দলের খেলোয়াড়, কোচ ও কর্মকর্তাদের হুমকি দেন তিনি।
গত রোববার স্ত্রাসাত্তির মারিয়ানো দি দিয়া ক্রীড়ামাঠে তেরজা ক্যাটেগরিয়া লিগের চতুর্থ রাউন্ডের ম্যাচে মুখোমুখি হয়েছিল স্বাগতিক গ্যালাকটিক পাওলিনি মারসালা ও এএসডি অ্যাথলেটিক পার্তান্না।
ম্যাচে গ্যালাকটিক পাওলিনির ১০ নম্বর জার্সিধারী খেলোয়াড়কে পার্তান্নার কোচিং স্টাফদের সঙ্গে বারবার তর্কে জড়াতে দেখা যায়। খেলা থেমে যাওয়ার পর মাটিতে পড়ে থাকা প্রতিপক্ষের এক খেলোয়াড়কে কয়েকবার লাথি মারেন মারসালার ওই ফরোয়ার্ড।
এ ঘটনার পর রেফারি তাঁকে লাল কার্ড দেখান। মারসালার কোচকেও লাল কার্ড দেখানো হয়। ড্রেসিংরুমে যাওয়ার পর ওই খেলোয়াড় ছুরি হাতে মাঠে ফিরে পার্তান্নার কোচ, খেলোয়াড় ও ব্যবস্থাপনা দলের সদস্যদের হুমকি দেন।
বেলিচে এলাকার ক্লাবটির অভিযোগ, ছুরি হাতে রেখেই ওই খেলোয়াড় প্রতিপক্ষ দলের এক কর্মকর্তার গলা চেপে ধরেন।
সূত্র: আজকের পত্রিকা




