লিভারপুলের কাছে হারের পর মার্তিনেসের সমালোচনায় স্মাইকেল

লিভারপুলের কাছে ৪-০ গোলে হারের পর ম্যানচেস্টার ইউনাইটেডের ডিফেন্ডার লিসান্দ্রো মার্তিনেসের পারফরম্যান্স ও আচরণের সমালোচনা করেছেন সাবেক গোলরক্ষক পিটার স্মাইকেল।
লিভারপুলের কাছে ম্যানচেস্টার ইউনাইটেডের ৪-০ গোলের হারের পর ডিফেন্ডার লিসান্দ্রো মার্তিনেসের সমালোচনা করেছেন ক্লাবটির সাবেক গোলরক্ষক পিটার স্মাইকেল। আর্জেন্টাইন এই ফুটবলারের মাঠের খেলা এবং সতীর্থ ও ক্লাব কর্মকর্তাদের সমালোচনা করার প্রবণতা নিয়ে প্রশ্ন তুলেছেন ডেনমার্কের সাবেক এই খেলোয়াড়।
মার্তিনেসকে নিয়ে বিরক্তির কথা জানিয়ে স্মাইকেল বলেন, ‘ওকে নিয়ে কথা বলতে বলতে আমি ক্লান্ত। সত্যি বলতে, ওকে নিয়ে আর কথা বলতে চাই না।’
স্মাইকেলের মতে, সতীর্থ ও ক্লাবের দায়িত্বশীলদের সমালোচনা করার আগে নিজের পারফরম্যান্সে উন্নতি করা উচিত মার্তিনেসের। তিনি বলেন, ‘সে ক্লাবের দায়িত্বে থাকা ব্যক্তিদের সমালোচনা করে, সতীর্থদেরও সমালোচনা করে। আমার মনে হয়, তার নিজের পারফরম্যান্স এর চেয়ে ভালো হওয়া উচিত।’
লিভারপুলের গোলগুলোর মধ্যে দু-একটির ক্ষেত্রে মার্তিনেসের ভূমিকা ছিল বলেও মনে করেন সাবেক এই গোলরক্ষক। তাঁর ভাষ্য, ‘আজকের সব গোল না হলেও দু-একটি আবার দেখে নিতে পারেন। সেসব মুহূর্তে সে ঘটনাস্থলেই ছিল। অন্তত লিভারপুলের গোল করা কঠিন করে তুলতে তার কিছু একটা করার সুযোগ ছিল।’
ইউনাইটেডের সামগ্রিক অবস্থা নিয়েও উদ্বেগ জানিয়েছেন স্মাইকেল। তাঁর মতে, দলটির এখন শিরোপার চেয়ে অবনমন এড়ানোকে অগ্রাধিকার দেওয়া উচিত। তিনি বলেন, ‘এই দলকে দেখে মনে হচ্ছে, তারা অবনমনের শিকার হতে পারে। তাই এখন তাদের লক্ষ্য হওয়া উচিত অবনমন এড়ানো।’
দলটির বর্তমান খেলোয়াড়দের নিয়ে শিরোপাজয়ী দল গড়ার সম্ভাবনা নিয়েও সন্দেহ প্রকাশ করেন স্মাইকেল। ‘তারা যদি আরও দীর্ঘ সময় এভাবে খেলতে থাকে, তাহলে বড় সমস্যা তৈরি হবে। এই খেলোয়াড়দের নিয়ে তারা কখনোই শিরোপাজয়ী দল গড়তে পারবে না,’ বলেন তিনি।
মার্তিনেসকে নিয়ে ইউনাইটেডের সাবেক খেলোয়াড়দের সমালোচনা এর আগেও হয়েছে। ওয়েইন রুনি, রিও ফার্দিনান্দ, নিকি বাট ও পল স্কোলসও প্রকাশ্যে তাঁকে সমালোচনা করেছেন।
ঘুরে দাঁড়ানোর লক্ষ্যে বুধবার চ্যাম্পিয়নস লিগে স্পোর্টিং লিসবনের বিপক্ষে খেলবে ইউনাইটেড। প্রতিযোগিতায় চার ম্যাচ শেষে তাদের পয়েন্ট ৬। এরপর শনিবার, ২৮ নভেম্বর, ব্রেন্টফোর্ডের মুখোমুখি হবে দলটি।
সূত্র: আজকের পত্রিকা




