রেফারিদের ওপর চাপ দেওয়ায় রিয়ালকে বেশি দায়ী করছেন তেবাস

লা লিগা সভাপতি হাভিয়ের তেবাসের মতে, রেফারিদের ওপর চাপ সৃষ্টিতে বার্সেলোনার চেয়ে রিয়াল মাদ্রিদের ভূমিকা বেশি। এ ক্ষেত্রে তিনি বিশেষ করে রিয়াল মাদ্রিদ টিভির আচরণের কথা বলেছেন।
রেফারিদের ওপর চাপ সৃষ্টির জন্য বার্সেলোনার চেয়ে রিয়াল মাদ্রিদকে বেশি দায়ী করেছেন লা লিগা সভাপতি হাভিয়ের তেবাস। তাঁর মতে, দুই ক্লাবের আচরণে স্পষ্ট পার্থক্য আছে, আর রিয়াল মাদ্রিদ টিভির কাছ থেকে চাপ আসে বেশি।
সোমবার স্প্যানিশ রেফারিদের প্রথম গালা অনুষ্ঠানে এ বিষয়ে প্রশ্নের জবাবে তেবাস বলেন, বড় দলগুলোর ম্যাচে রেফারিরা ভিন্নভাবে সিদ্ধান্ত নেন—এমন আলোচনা তাদের চাপের মুখে রাখে। তাঁর কথায়, ‘এই ক্ষেত্রে বিশেষ করে রিয়াল মাদ্রিদ।’
বার্সেলোনা ও রিয়াল সমানভাবে রেফারিদের ওপর চাপ দেয় কি না, জানতে চাইলে তেবাস বলেন, ‘না। স্পষ্টতই রিয়াল মাদ্রিদ টিভি থেকে বেশি চাপ আসে।’ তিনি যোগ করেন, টেলিভিশনটির আচরণ ক্লাবটির আচরণেরই প্রতিফলন এবং তা বার্সেলোনার আচরণ থেকে আলাদা।
ভিয়ারিয়ালের মিডফিল্ডার সান্তিয়াগো কোমেসানিয়া বার্সেলোনার কাছে ৩-২ গোলে হারের পর বড় দলগুলোর রেফারিদের ওপর চাপ সৃষ্টি নিয়ে অভিযোগ করেছিলেন। তাঁর মন্তব্যের পর বিষয়টি নিয়ে নতুন করে আলোচনা শুরু হয়।
রিয়াল ও লা লিগার রেফারিদের মধ্যে বিরোধের একটি কারণ নেগ্রেইরা মামলা। অভিযোগ অনুযায়ী, ২০০১ থেকে ২০১৮ সালের মধ্যে বার্সেলোনা স্পেনের রেফারি কমিটির সাবেক সহসভাপতি হোসে মারিয়া এনরিকে নেগ্রেইরাকে ৭ মিলিয়ন ইউরোর বেশি দিয়েছিল, যাতে মাঠে সুবিধা পাওয়া যায়। মামলাটি তদন্তাধীন। গত অক্টোবরে এ বিষয়ে উয়েফার কাছে আবেদন করে রিয়াল।
মামলাটি গুরুতর এবং এর তদন্ত হওয়া উচিত—এ কথা আগেও বলেছেন তেবাস। তবে রেফারিদের প্রতিটি বিতর্কিত সিদ্ধান্তের সঙ্গে মামলাটিকে জুড়ে দেওয়ার প্রবণতায় আপত্তি জানিয়েছেন তিনি। তেবাসের ভাষ্য, নেগ্রেইরা ২০১৯ সালে পদ ছাড়ার পরও এ বিষয়ে অভিযোগ তুলে কিছু ছড়িয়ে দিয়ে সেটিকে সত্য হিসেবে প্রতিষ্ঠার চেষ্টা করা উচিত নয়; মামলার বিচার আদালতই করবে।
রিয়াল মাদ্রিদ টিভির অবস্থানকে ‘নজিরবিহীন’ বলেছেন তেবাস। ইউরোপিয়ান সুপার লিগ থেকে বার্সেলোনা সরে যাওয়ার আগ পর্যন্ত দুই ক্লাবের বন্ধুত্বপূর্ণ সম্পর্ক বজায় রাখার অবস্থানও তাঁর কাছে অস্বাভাবিক মনে হয়েছে। তবে তিনি বলেন, বার্সেলোনা সুপার লিগে আছে কি না, তার ভিত্তিতে আচরণ বদলানো উচিত নয় এবং বিচার কী বলে, তা দেখার অপেক্ষা করতে হবে।
সূত্র: আজকের পত্রিকা



