১০ বারের বেশি ফাউল, রেফারির সিদ্ধান্তে ক্ষুব্ধ নেইমার

গ্রেমিওর কাছে ২-০ গোলে হারের পর রেফারির সমালোচনা করেছেন সান্তোস অধিনায়ক নেইমার। তাঁর দাবি, প্রথমার্ধেই তাঁকে ১০ বারের বেশি ফাউল করা হয়েছে।
গ্রেমিওর কাছে ২-০ গোলে হারের পর রেফারি রামন আবাত্তি আবেলের সিদ্ধান্ত নিয়ে ক্ষোভ প্রকাশ করেছেন সান্তোস অধিনায়ক নেইমার। ম্যাচ শেষে রেফারির সঙ্গে তাঁর উত্তপ্ত বাক্যবিনিময়ও হয়।
ফরাসি সংবাদমাধ্যম লেকিপের খবরে বলা হয়েছে, ম্যাচজুড়ে প্রতিপক্ষের খেলোয়াড়দের ফাউলের শিকার হলেও রেফারি যথাযথ ব্যবস্থা নেননি বলে মনে করেন নেইমার। ব্রাজিলের টেলিভিশন চ্যানেল স্পোরটিভিকে দেওয়া সাক্ষাৎকারে তিনি বলেন, প্রথমার্ধেই গ্রেমিওর খেলোয়াড়েরা তাঁকে ১০ বারের বেশি ফাউল করেছেন। তবে সেসব ঘটনায় যথেষ্ট হলুদ কার্ড দেখানো হয়নি বলে তাঁর অভিযোগ।
নেইমারের ভাষ্য, প্রতিপক্ষের খেলোয়াড়েরা তাঁকে টেনেছেন ও আঘাত করেছেন। ড্রিবলিং করে তাঁদের পাশ কাটিয়ে যাওয়ার সময়ও অনেক ক্ষেত্রে ফাউলের বাঁশি বাজাননি রেফারি। এ নিয়ে তিনি প্রশ্ন করেন, ‘আমার পা ভাঙা পর্যন্ত কি অপেক্ষা করতে হবে? তারপর কি রেফারিরা আরও কঠোর হবেন?’
রেফারি আবাত্তির পারফরম্যান্সকে খুবই বাজে বলেছেন নেইমার। তাঁর মতে, ভুল সিদ্ধান্তের প্রভাব সান্তোসের খেলা ও ম্যাচের ফলে পড়েছে।
কয়েক দিনের মধ্যে এটি নেইমারকে ঘিরে দ্বিতীয় বিতর্ক। এর আগে কোরিতিবার বিপক্ষে ম্যাচে গ্যালারির এক দর্শকের সঙ্গে উত্তপ্ত বাক্যবিনিময়ে জড়ান তিনি। গ্যালারি থেকে উসকানি পাওয়ার পর পাল্টা প্রতিক্রিয়াও দেখিয়েছিলেন সান্তোস তারকা।
অবনমন অঞ্চল থেকে বেরিয়ে আসার লড়াইয়ে গ্রেমিওর জন্য জয়টি গুরুত্বপূর্ণ। ২-০ ব্যবধানে জিতে তিন পয়েন্ট পেয়েছে পোর্তো আলেগ্রের ক্লাবটি। প্রতিযোগিতায় বাকি আছে আর দুই রাউন্ড।
সূত্র: প্রথম আলো




