ডারবান সুপার জায়ান্টসের কোচ হচ্ছেন কেন উইলিয়ামসন

এসএ২০-এর ২০২৭ মৌসুমে ডারবান সুপার জায়ান্টসের প্রধান কোচের দায়িত্ব নিতে যাচ্ছেন নিউজিল্যান্ডের সাবেক অধিনায়ক কেন উইলিয়ামসন। ল্যান্স ক্লুজনারের স্থলাভিষিক্ত হবেন তিনি।
খেলোয়াড় হিসেবে ডারবান সুপার জায়ান্টসের হয়ে দুই মৌসুম কাটানোর পর এবার দলটির প্রধান কোচ হতে যাচ্ছেন কেন উইলিয়ামসন। এসএ২০-এর ২০২৭ মৌসুমে দায়িত্ব নেবেন নিউজিল্যান্ডের সাবেক অধিনায়ক।
ইএসপিএনক্রিকইনফোর প্রতিবেদন অনুযায়ী, ডারবানের বর্তমান কোচ ল্যান্স ক্লুজনারের জায়গায় আসবেন উইলিয়ামসন। ২০২৩ সালে টুর্নামেন্টের প্রথম আসর থেকেই দলটির কোচের দায়িত্বে ছিলেন ক্লুজনার।
২০২৫ ও ২০২৬ মৌসুমে ডারবানের হয়ে ১৫ ম্যাচে ৩৪৩ রান করেছেন উইলিয়ামসন। ২০২৭ মৌসুমের জন্য খেলোয়াড় হিসেবেও তাঁকে ধরে রেখেছিল ফ্র্যাঞ্চাইজিটি। তবে এবার তাঁকে ডাগআউটে কোচের ভূমিকায় দেখা যেতে পারে।
গত জুলাইয়ে আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসরের ঘোষণা দেন উইলিয়ামসন। গত বছরের অক্টোবরে আইপিএলের দল লখনৌ সুপার জায়ান্টসের কৌশলগত পরামর্শক হিসেবে দায়িত্ব নেন তিনি। ডারবানে ক্রিকেট পরিচালক টম মুডির সঙ্গে কাজ করবেন নতুন কোচ।
দলটির কোচিং স্টাফে ব্যাটিং কোচ থাকছেন রায়ান কুক, পেস বোলিং কোচ ভারত অরুণ, স্পিন বোলিং কোচ কার্ল ক্রো এবং ফিল্ডিং কোচ কুশেন কিশুন।
২০১০ সালে আন্তর্জাতিক ক্রিকেটে অভিষেকের পর নিউজিল্যান্ডের অন্যতম সফল ব্যাটার হন উইলিয়ামসন। ১১০ টেস্টে ৫৪.০৬ গড়ে ৯ হাজার ৫১৫ রান করে দেশটির টেস্টে সর্বোচ্চ রানসংগ্রাহক তিনি। ওয়ানডেতে ১৭৫ ম্যাচে ৭ হাজার ২৫৬ রান নিয়ে নিউজিল্যান্ডের ব্যাটারদের মধ্যে চতুর্থ এবং টি-টোয়েন্টি আন্তর্জাতিক ক্রিকেটে ৯৩ ম্যাচে ২ হাজার ৫৭৫ রান নিয়ে দ্বিতীয় সর্বোচ্চ রানসংগ্রাহক।
ক্লুজনারের অধীনে চার মৌসুমের তিনটিতেই লিগ পর্ব থেকে বিদায় নেয় ডারবান। ২০২৪ সালে ফাইনালে উঠে রানার্সআপ হওয়াই দলটির সেরা ফল। গত মৌসুমে ১০ ম্যাচে তিন জয় নিয়ে পঞ্চম স্থানে ছিল তারা।
২০২৭ সালের এসএ২০-তে ১৯ জানুয়ারি প্রিটোরিয়া ক্যাপিটালসের বিপক্ষে ম্যাচ দিয়ে অভিযান শুরু করবে ডারবান সুপার জায়ান্টস।
সূত্র: আজকের পত্রিকা




