বিগ ব্যাশে ব্যাটার ছাড়াই স্টাম্প ভাঙলেন বোলার, বোল্ড ডটিন

সময়মতো ক্রিজে পৌঁছাতে না পারায় লেগ সাইডে স্টাম্প থেকে দূরে দাঁড়াতে হয় ডিয়েন্ড্রা ডটিনকে। ফাঁকা স্টাম্পে বল করে তাঁকে বোল্ড করেন সারা গ্লেন।
অস্ট্রেলিয়ার নারী বিগ ব্যাশ লিগে অদ্ভুত এক আউটের শিকার হয়েছেন ওয়েস্ট ইন্ডিজের অলরাউন্ডার ডিয়েন্ড্রা ডটিন। ব্যাটার ক্রিজে না থাকতেই ফাঁকা স্টাম্পে বল করে তাঁকে বোল্ড করেন ব্রিসবেন হিটের বোলার সারা গ্লেন।
মেলবোর্নের জাংশন ওভালে ব্রিসবেনের ১৩৮ রানের লক্ষ্য তাড়া করছিল মেলবোর্ন রেনেগেডস। ১৫তম ওভারে দলটির স্কোর ৯৭/৪ থাকা অবস্থায় ব্যাট করতে নামার কথা ছিল ডটিনের। তবে ক্রিজে পৌঁছাতে দেরি হওয়ায় তাঁকে স্কয়ার লেগের কাছে দাঁড়াতে হয়।
বিগ ব্যাশে ২০২১–২২ মৌসুম থেকে চালু থাকা নিয়ম অনুযায়ী, কোনো ব্যাটার আউট হলে বা অবসর নিলে পরের ব্যাটারকে ৭৫ সেকেন্ডের মধ্যে প্রথম বল খেলার জন্য প্রস্তুত হতে হয়। তা না হলে প্রথম বলের সময় তাঁকে পিচের পাশে লেগ সাইডে, স্টাম্পের সরলরেখা থেকে অন্তত পাঁচ মিটার দূরে দাঁড়াতে হয়।
ডটিন ওই অবস্থানে থাকতেই গ্লেন ফাঁকা স্টাম্প লক্ষ্য করে বল করেন। বলটি স্টাম্পে লাগলে নিয়ম অনুযায়ী বোল্ড হন ডটিন। কোনো বল খেলার সুযোগ না পেয়েই শূন্য রানে ফিরতে হয় তাঁকে। ডেলিভারিটি বৈধ বল হিসেবে গণ্য হয়েছে এবং উইকেটটি গ্লেনের নামেই যোগ হয়েছে।
ম্যাচ শেষে রেনেগেডসের অধিনায়ক ও ম্যাচসেরা সোফি মোলিনু বলেন, ‘এটি এমন কিছু, যা ক্রিকেটে আমি আগে কখনো দেখিনি। আমাদের জন্য এটি ভালো শিক্ষা, অন্য দলগুলোর জন্যও নিশ্চয়ই। আমার মনে হয়, আগামী ১০ বছরে আর এমন ঘটনা দেখা যাবে না।’
সূত্র: প্রথম আলো
সম্পর্কিত আরও খবর

ক্রাইস্টচার্চে অপেশাদার ম্যাচে পন্তের ২১ বলে ৫৪

নিলামে নাম না থাকলেও মাঠে জ্বলে উঠলেন মোস্তাফিজ, দুবাইয়ের জয়


