গতবারের অভিজ্ঞতায় এবার আইপিএল নিলামে নাম দেননি মোস্তাফিজ

গতবারের ঘটনাকে ঘিরে সম্ভাব্য চাপ ও অস্বস্তির কথা ভেবে এবার আইপিএলে নাম নিবন্ধন করেননি মোস্তাফিজুর রহমান। নিলামের তালিকায় বাংলাদেশের ১২ ক্রিকেটারের নাম থাকলেও নেই তাঁর নাম।
আইপিএলের এবারের নিলামে নাম লেখাননি মোস্তাফিজুর রহমান। নিলামের জন্য নিবন্ধিত বাংলাদেশের ১২ ক্রিকেটারের তালিকায় তাঁর নাম নেই। মোস্তাফিজের ঘনিষ্ঠ একটি সূত্রের ভাষ্য, গতবারের অভিজ্ঞতার পর এবার আইপিএলে অংশ নেওয়ার বিষয়ে তাঁর আগ্রহ ছিল না।
নিলামে নাম নিবন্ধনের প্রক্রিয়ায় বিসিসিআই প্রথমে বিসিবির কাছে জানতে চায়, কোন ক্রিকেটাররা আগ্রহী। বিসিবি সেই ই-মেইল ক্রিকেটারদের পাঠালে তাঁরা লিংকের মাধ্যমে নিবন্ধন করেন। একবার নাম নিবন্ধন হয়ে গেলে তা প্রত্যাহারের সুযোগ নেই। সংশ্লিষ্ট সূত্রের দাবি, মোস্তাফিজ নিবন্ধনই করেননি।
গত আইপিএল নিলামে ৯ কোটি ২০ লাখ রুপিতে মোস্তাফিজকে দলে নিয়েছিল কলকাতা নাইট রাইডার্স। পরে নিরাপত্তার কারণ দেখিয়ে তাঁকে ছেড়ে দেয় ফ্র্যাঞ্চাইজিটি। ঘটনাটি নিয়ে ব্যাপক আলোচনা-সমালোচনা হয়। এর পরিপ্রেক্ষিতে ভারতে টি-টোয়েন্টি বিশ্বকাপে অংশ না নেওয়ার সিদ্ধান্ত নেয় বাংলাদেশ সরকার। নিরপেক্ষ ভেন্যুতে খেলার দাবি জানালেও শেষ পর্যন্ত বাংলাদেশ টুর্নামেন্ট থেকে সরে দাঁড়ায়।
গতবারের নিলামে শুরুতে দল না পেলেও ২০২৫ আইপিএলের শেষ দিকে দিল্লি মোস্তাফিজকে দলে নিয়েছিল। গত ১০ বছরে নিলামে নাম দিয়ে অধিকাংশ সময়ই দল পেয়েছেন তিনি। তবে গতবারের ঘটনার পর আবার আইপিএলে খেলতে গেলে নানা প্রশ্ন ও অস্বস্তিকর পরিস্থিতির মুখোমুখি হতে পারেন—এমন আশঙ্কা ছিল মোস্তাফিজ ও তাঁর পরিবারের।
মোস্তাফিজের সঙ্গে সরাসরি কথা বলা সম্ভব হয়নি। তিনি এখন সংযুক্ত আরব আমিরাতে আইএল টি-টোয়েন্টি খেলছেন। সেখান থেকে আগামীকাল দক্ষিণ আফ্রিকায় বাংলাদেশের সাদা বলের সিরিজে যোগ দিতে যাবেন।
আইপিএল ছাড়া অন্য ফ্র্যাঞ্চাইজি লিগে খেলতে তাঁর আপত্তি নেই বলে সূত্র জানিয়েছে। এবার আইপিএল থেকে দূরে থাকার সিদ্ধান্তে আর্থিক বিষয় নয়, বরং গতবারের অভিজ্ঞতা, সম্ভাব্য মানসিক চাপ ও ব্যক্তিগত বিষয় গুরুত্ব পেয়েছে।
সূত্র: আজকের পত্রিকা




