অ্যাকারমানের ১৫০, বাংলাদেশের বিপক্ষে ১৩৭ রানে এগিয়ে দক্ষিণ আফ্রিকা

বাংলাদেশের ৯১ রানের জবাবে দ্বিতীয় দিনের প্রথম সেশন শেষে দক্ষিণ আফ্রিকার সংগ্রহ ৩ উইকেটে ২২৮। ওপেনার অ্যাকারমান করেছেন ১৫০ রান।
সেঞ্চুরিয়ন টেস্টে বাংলাদেশের ৯১ রানের জবাবে বড় লিডের পথে দক্ষিণ আফ্রিকা। দ্বিতীয় দিনের প্রথম সেশন শেষে ৪৬ ওভারে ৩ উইকেটে ২২৮ রান তুলেছে স্বাগতিকেরা, এগিয়ে ১৩৭ রানে।
আগের দিন ১৭ ওভারে ১ উইকেটে ৮৮ রান নিয়ে খেলা শুরু করে দক্ষিণ আফ্রিকা। জুবায়ের হামজা ও অ্যাকারমান দ্বিতীয় উইকেটে ১২৯ বলে যোগ করেন ৯৬ রান। ২৭ রান করা হামজাকে ফিরিয়ে জুটি ভাঙেন সৈয়দ খালেদ আহমেদ; গালিতে মাহফিজুল ইসলাম রবিনের হাতে ক্যাচ দেন তিনি।
এর আগে তাসকিন আহমেদের বলে হামজার ক্যাচ স্লিপে ছাড়েন তাওহীদ হৃদয়। তখন তাঁর রান ছিল ২।
অন্য প্রান্তে আক্রমণাত্মক ব্যাটিংয়ে টেস্ট ক্যারিয়ারের দ্বিতীয় সেঞ্চুরি তুলে নেন অ্যাকারমান। ১১১ বলে তিন অঙ্কে পৌঁছানোর পর নাজমুল হোসেন শান্তর এক ওভারে করেন ২০ রান। ১৩৮ বলে ২৩ চার ও ৪ ছক্কায় ১৫০ রান করে শরীফুল ইসলামের বলে এলবিডব্লিউ হন তিনি।
অ্যাকারমান আউট হওয়ার সময় দক্ষিণ আফ্রিকার রান ছিল ৩ উইকেটে ২১৯। এরপর টনি ডি জর্জিকে নিয়ে দিন এগিয়ে নেন ম্যাথু ব্রিটজকে। প্রথম সেশন শেষে ব্রিটজকে ২ ও জর্জি ৯ রানে অপরাজিত ছিলেন।
সূত্র: আজকের পত্রিকা




