মেসিকে ঘিরে বাণিজ্যিক টানাপোড়েন, গ্যালারিতেও কমছে দর্শক

এএফএর সঙ্গে লিওনেল মেসির বাণিজ্যিক সম্পর্কে টানাপোড়েনের খবরের মধ্যে তাঁকে ছাড়া আর্জেন্টিনার প্রীতি ম্যাচগুলোতে দর্শক উপস্থিতিও কমেছে।
কোস্টারিকার বিপক্ষে আর্জেন্টিনার প্রীতি ম্যাচে বিরতির সময় কর্দোবার এস্তাদিও মারিও আলবার্তো কেম্পেসের সব প্রবেশপথ খুলে দেওয়া হয়। দর্শকদের বিনা মূল্যে ঢোকার ঘোষণা দেওয়ার পর হাজারো মানুষ মাঠে প্রবেশ করেন। এরপরও গ্যালারির কিছু অংশ ফাঁকা ছিল। ম্যাচটি আর্জেন্টিনা জেতে ৭-০ গোলে।
ম্যাচটির কয়েক দিন আগে আর্জেন্টিনার সংবাদমাধ্যমে খবর প্রকাশিত হয়, লিওনেল মেসি নাকি তাঁর আইনজীবীকে আর্জেন্টাইন ফুটবল ফেডারেশন (এএফএ) ও সভাপতি ক্লদিও তাপিয়াকে আইনি নোটিশ পাঠাতে বলেছেন। মেসির নাম ও ছবি বাণিজ্যিক কাজে ব্যবহার বন্ধের অনুরোধ জানানো হতে পারে বলে ওই খবরে বলা হয়।
প্রায় দুই দশক ধরে আর্জেন্টিনা জাতীয় দলের অন্যতম পরিচিত মুখ মেসি। তাঁর জনপ্রিয়তাকে কাজে লাগিয়ে এএফএও বাণিজ্যিকভাবে লাভবান হয়েছে। ২০২২ বিশ্বকাপ জয়ের পর চীন, মধ্যপ্রাচ্য ও যুক্তরাষ্ট্রে জাতীয় দলের ব্র্যান্ড ছড়িয়ে দেওয়ার উদ্যোগ নেয় ফেডারেশন। তবে এখন মেসি ও এএফএর বাণিজ্যিক সম্পর্ক নিয়ে টানাপোড়েনের খবর সামনে এসেছে।
প্রতিবেদন অনুযায়ী, এএফএর বিরুদ্ধে দুর্নীতির অভিযোগের সঙ্গে নিজের নাম ও পরিচয় জড়িয়ে পড়ুক, তা চান না মেসি। তবে আর্জেন্টিনায় এএফএ বা তাপিয়াকে ঘিরে চলমান কোনো দুর্নীতির মামলায় মেসির নাম নেই। ২০২৩ সাল থেকে এএফএর আয়ের কয়েক মিলিয়ন ডলার আত্মসাতের অভিযোগে বুয়েনস এইরেসে তদন্ত চলছে। তদন্তের কেন্দ্রে রয়েছেন তাপিয়া। এএফএ ও তাপিয়া অবশ্য নিজেদের নির্দোষ বলে দাবি করেছেন।
মায়ামিভিত্তিক অনুষ্ঠান আয়োজক প্রতিষ্ঠান ভিআইডি মিউজিক গ্রুপ গত এপ্রিলে মেসি ও এএফএর বিরুদ্ধে মামলা করে। ২০২৫ সালের অক্টোবরে মায়ামি গার্ডেন্সের হার্ড রক স্টেডিয়ামে ভেনেজুয়েলা-আর্জেন্টিনা প্রীতি ম্যাচ আয়োজনের দায়িত্বে ছিল প্রতিষ্ঠানটি ও এএফএ। ম্যাচে না খেললেও পরিবারের সদস্যদের সঙ্গে ভিআইপি বক্সে বসে আর্জেন্টিনার ১-০ গোলের জয় দেখেন মেসি। ভিআইডির দাবি, বক্সের খরচ তারা দিয়েছিল এবং মেসির না খেলা চুক্তিভঙ্গ। মামলায় মেসির বিরুদ্ধে অবহেলাজনিত ভুল তথ্য দেওয়া ও চুক্তিতে বেআইনিভাবে হস্তক্ষেপের অভিযোগও আনা হয়েছে।
মেসির বিদায় উপলক্ষে অক্টোবরে বেনিনের বিপক্ষে রিভার প্লেটের এস্তাদিও মনুমেন্তালে একটি ম্যাচ আয়োজন করে এএফএ। সেপ্টেম্বরে আন্তর্জাতিক ফুটবল থেকে অবসরের ঘোষণা দেওয়া মেসিকে বিদায় জানাতে আয়োজিত ম্যাচটির টিকিটের দাম ছিল প্রায় ৬০ ডলার। সংবাদমাধ্যমের প্রতিবেদন অনুযায়ী, ৯০ মিনিটেই সব টিকিট বিক্রি হয়ে যায়; পরে পুনর্বিক্রির বাজারে দাম ৬০০ ডলারের বেশি ওঠে।
এর বিপরীতে নভেম্বরের প্রীতি ম্যাচ দুটিতে দর্শকসংখ্যা ছিল অনেক কম। উরুগুয়ের বিপক্ষে বুয়েনস এইরেসের লা বোম্বোনেরা এবং কোস্টারিকার বিপক্ষে কর্দোবার মাঠে খেলে আর্জেন্টিনা। টিকিটের দামে বড় পরিবর্তন না থাকলেও মেসি না থাকায় দর্শকদের আগ্রহ কমেছে বলে প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে।
সূত্র: প্রথম আলো





